ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ।

    admin
    July 10, 2026 4:34 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান, প্রতিনিধি।

    টানা অতিভারি বর্ষণের পর বান্দরবানে বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। জেলার কিছু নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বিস্তীর্ণ এলাকায় এখনো ১০ থেকে ১২ ফুট পানি জমে রয়েছে। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।
    জেলা শহরের আর্মিপাড়া, হাফেজঘোনা, কাসেমপাড়া, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, ক্যাচিংঘাটা ও নলেমুঝিরি পাড়াসহ লামা পৌরসভার প্রধান বাজার, চেয়ারম্যানপাড়া এবং আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে। এতে লাখো মানুষ ঘরবন্দি, হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না, অনেক অসুস্থ রোগী চিকিৎসাসেবা থেকেও বিচ্ছিন্ন রয়েছেন।
    পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মাতামুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার ১২ দশমিক ২৫ মিটার এবং সাঙ্গু নদীর পানি ১৫ দশমিক ৭৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা পুরোপুরি কাটেনি।
    বান্দরবান আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) জেলায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারি বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। আর গত ৫ জুলাই সকাল ৬টা থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১২০ ঘণ্টায় মোট ৮৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
    সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া এলাকার সত্যপীর মাজার এলাকা। অপরদিকে বান্দরবান-রাঙামাটি আন্তঃজেলা সড়কের একাধিক স্থান পানির নিচে থাকায় টানা তিন দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
    এদিকে পাহাড়ধস ও সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে ছয়টি উপজেলার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। দীর্ঘ দূরত্বের কোনো যানবাহন চলাচল করছে না। তবে অনেককে ভ্যানে, নৌকায় এবং অন্য প্রান্তে গিয়ে আবার গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
    বন্যার প্রভাব পড়েছে স্থানীয় বাজার ব্যবস্থাতেও। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন হাট-বাজারে নিয়মিত পণ্য সরবরাহ করা যাচ্ছে না। ফলে শাকসবজি, মাছ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ কমে গেছে এবং বাজারে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
    রুমা-থানচি বাস পরিবহনের লাইনম্যান নুরুল ইসলাম মিলন বলেন, “বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, কোথাও কোথাও পানি বেড়েছে। দুর্ঘটনার ঝুঁকি থাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শহর থেকে রুমাগামী বাস দুই দিন ধরে বন্ধ রয়েছে। রাস্তার অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চালানো সম্ভব নয়।”
    রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন, “মঙ্গলবার থেকে পুরো উপজেলায় মোবাইল নেটওয়ার্ক নেই। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। প্রশাসনের দুর্যোগ মোকাবেলার কাজও ব্যাহত হচ্ছে। এখন কথা বলার জন্য বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে দূরের একটি পাহাড়ে এসেছি, কারণ এখানে শুধু টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।”
    গ্রামীণফোনের জেলা ডিস্ট্রিবিউটর আজহারুল ইসলাম বাবুল বলেন, “এবারের দুর্যোগে গ্রামীণফোনের নেটওয়ার্ক তুলনামূলক ভালো রয়েছে। শুধুমাত্র যেখানে বিদ্যুৎ নেই, সেসব এলাকায় নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ রয়েছে। অন্য কোনো কারিগরি সমস্যা নেই।”
    স্থানীয় বাসিন্দা উবানু মারমা বলেন, “বাজারে মাছ কিনতে এসেছিলাম। কিন্তু ফ্রিজে সংরক্ষিত চিংড়ি ও অল্প কিছু সামুদ্রিক মাছ ছাড়া কিছুই নেই। খালি হাতেই ফিরে যাচ্ছি। জানি না, কবে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।”
    বান্দরবান মাছ বাজারের ব্যবসায়ী মো. মাসুম মিয়া বলেন, “কেরানীহাট-বান্দরবান সড়ক তলিয়ে যাওয়ায় মাছবাহী কোনো ট্রাক আসতে পারছে না। রাঙামাটির সড়কও বন্ধ। তাই কোনো দিক থেকেই মাছ আনা সম্ভব হচ্ছে না।”
    জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
    তিনি বলেন, “জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST