বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন–২০২৫ বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আয়োজন করে ব্যাংকের বরগুনা মুখ্য আঞ্চলিক কার্যালয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরগুনা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস।
জানা যায়, সম্মেলনে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি, সময়মতো ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস, নতুন গ্রাহক সংযোজন, নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, সরকারি ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন উন্নয়ন সহায়তা প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস.এম. জাকির হোসেন, বরগুনা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. রায়হান হোসেন রুবেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সরকার কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে, তাই মাঠপর্যায়ে তৃণমূল কৃষকদের কাছে সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে হবে। আন্তরিকভাবে কাজ করলে খেলাপি ঋণ কমবে, ঋণ আদায় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। বর্তমানে ব্যাংকিং সেবা কেবল শাখা পর্যায়ে সীমাবদ্ধ নেই; প্রযুক্তির সহায়তায় তা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তাই গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই ব্যাংক কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।


