মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহীর বাগমারায় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে অব্যাহত রয়েছে ভিজিট ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। প্রতি শুক্রবার রোগীদের কাছ থেকে কোনো ধরনের চিকিৎসা ফি নেওয়া হয় না। ফলে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এমপি ডা. আব্দুল বারীর তত্ত্বাবধানে পরিচালিত ভবানীগঞ্জ ক্লিনিকে এ কার্যক্রমের মাধ্যমে প্রতি শুক্রবার রোগীরা বিনা ভিজিটে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র গ্রহণ করছেন বিনামূল্যে।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক মানুষ উপকৃত হচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, জনসেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
এমপি ডা. আব্দুল বারী বলেন, মানুষের সেবা করাই আমার অঙ্গীকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। যতদিন সম্ভব সাধারণ মানুষের পাশে থেকে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
এদিকে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগে রোগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, জনস্বার্থে এমন উদ্যোগ বিরল এবং প্রশংসার দাবিদার।


