রতন রায়: কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম-২ আসনকে আলোকিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় দলের দ্বিতীয় দিনের এই কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের সহধর্মিনী ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।
সোমবার কুড়িগ্রাম হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাটসহ ১ নং ও ৪ নং ওয়ার্ডে তিনি এই গণসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি উপস্থিত স্থানীয় নাগরিকদের কাছে ৩১ দফা দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ‘ধানের শীষ’-কে সমর্থনের আহ্বান জানান।
মোসলেমা বেগম মিলি তাঁর বক্তব্যে দাবি করেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে এবং সে জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের ন্যায্য দাবি পূরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উম্মে আসমা, হালিমা বেগম, আশা, লতা সহ জেলা মহিলা দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


