মো:সিপাউর রহমান, উপজেলা প্রতিনিধি। মৌলভীবাজার:
কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোর সাড়ে ৫টার দিকে কুলাউড়া থানাধীন ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান চালায় কুলাউড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই ফরহাদ মাতুব্বর। তার সঙ্গে ছিলেন এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুল, এএসআই ইমদাদুরসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
দত্তগ্রামের মখলিছুর রহমানের ভূষি মালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১,০০,০০০ (এক লক্ষ) শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন পাতার বিড়িসহ মো. তুহিন আহমদ (২০) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত তুহিন মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। জব্দকৃত পাতার বিড়ির আনুমানিক মূল্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা।
এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা (মামলা নং-৩, তারিখ: ০৩/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এ ধরনের চোরাচালান ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


