ইব্রাহিম হোসেন, যশোর
যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (০১ মে) প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড হতে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা কিন্তু সড়ক গুলোর অবস্থা অত্যান্ত নাজুক।
আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কার করতে পারি।
আসন্ন বর্ষা মৌসুমে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান। বিগত বর্ষা মৌসুমের চেয়ে এবার পৌরবাসীর ৫০ ভাগ কষ্ট লাঘব হবে।
আমি যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের কাজ সফল হলে পৌরবাসীর কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের এই সড়কে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে।


