আবু রায়হান, যশোরঃ
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুম রেজার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংগঠনটির সভাপতি সাকিরুল কবীর রিটন ও সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও জেআরইউর সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভির দেওয়া তথ্য ও ভিডিও চিত্র পর্যালোচনায় জানা গেছে, গত ২১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত এক মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় জরুরি বিভাগের ইএমও ডা. মাসুম রেজা রোগীর স্বজনদের কাছে নিজেকে চক্ষু চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
রোগীর চিকিৎসাসেবা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে ঘটনাস্থলে যান সাংবাদিক ওবাইদুল ইসলাম অভি। অভিযোগ অনুযায়ী, ক্যামেরা দেখে চিকিৎসক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা ও মারধরের চেষ্টা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুমূর্ষু রোগীর চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ এবং দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে এমন আচরণের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসাসেবার মান, রোগীর অধিকার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
জেআরইউর নেতৃবৃন্দ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অভিযুক্ত চিকিৎসকসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় কোনো ধরনের স্বজনপ্রীতি, প্রভাব বিস্তার কিংবা দায় এড়ানোর চেষ্টা বরদাশত করা হবে না। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।


