রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি//
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-ইমরান এর উদ্বোধন করেন।
রাজারহাট, কুড়িগ্রাম: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি নিয়মিত প্রদর্শনী প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৪ -১০-২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-ইমরান কৃষকদের মাঝে এ উপকরণ হস্তান্তর উদ্বোধন করেন। এ সময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাইদুল হাসান ও মোঃ ফেরদৌস আহমদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী জানান, সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের নিয়মিত প্রদর্শনী আওতায় দুই শতাধিক কৃষক সদস্যের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক সদস্যের মাঝে বেগুন, শশা, কুমড়াসহ নানা ধরনের সবজি বীজ, ১০ কেজি করে ডিএসপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
কৃষকের প্রতিক্রিয়া : বিনামূল্যে এসব কৃষি উপকরণ পাওয়ায় আস্থা ও উদ্দীপনা ফিরে পেয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষক জনার্দন সরকার শুভ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা বারোমাসি সবজি চাষ করি, কিন্তু আগে এই উপকরণসমূহ পেতাম না। সাইফুন্নাহার সাথী ম্যাডাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঠিক তত্ত্বাবধানে ইদানিং উপকরণ পেয়ে আসতেছি। এসব বীজ ও সার উপকরণ পেয়ে আমরা অনেক খুশি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “উপজেলা কৃষি অফিস থেকে এরকম সহযোগিতা চলমান থাকুক। প্রণোদনা সঠিক কৃষকদের মাঝে বিতরণ হলে রাজারহাট উপজেলার কৃষক উপকৃত হবে এবং বেশি বেশি সবজি চাষাবাদ করতে আগ্রহী হবে।”
রবি মৌসুমে শাক-সবজির চাষাবাদ কৃষকদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। রাজারহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মতো উদ্যোগ কৃষকদের আর্থিক চাপ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা জোরদার করবে বলে আশা করা যায়।


