মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী :-
নোয়াখালীর সদর উপজেলায় কেক তৈরিতে পচা ও ভালো ডিম একসঙ্গে ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা পচা ও ভালো ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছে।
ভেঙে রাখা ডিম থেকে প্রচণ্ড দুর্গন্ধও ছড়াচ্ছিল। এ ছাড়া কেক তৈরির সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিও মানা হচ্ছিল না।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ‘হানিকম্ব’ নামের বান তৈরিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছে।
এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


