বান্দরবান, প্রতিনিধি।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২১৮টি পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
রোববার উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৯০টি এবং আলেক্ষ্যং ইউনিয়নের ১২৮টি পরিবারকে ২৪ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রথম ধাপে দুই ইউনিয়নের মোট ২১৮টি পরিবার এই সহায়তা পেয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাঙপ্রা খুমি।
নাঙপ্রা খুমি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় প্রথম ধাপে রোয়াংছড়ি সদর ও আলেক্ষ্যং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার তারাছা ও নোয়াপতং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
এদিকে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘেরাউ ভিতরপাড়া এলাকার ১৫টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এ সময় রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


