নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি//
চুইঝাল মূলত একটি লতা জাতীয় মসলা উদ্ভিদ, এ গাছ অন্য গাছ বেয়ে বড় হয়ে ওঠে। এ গাছকে স্থানীয়ভাবে ‘চুইপান’ নামেও ডাকা হয়। বিশেষ করে জমি ছাড়াই বাড়ির আশপাশের সুপারি, নারিকেল, আম কিংবা কাঁঠালের গাছে চুইঝালের চারা রোপণ করে সহজেই চাষ করা যায়।
লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতে ২-৪টি করে চুইঝালগাছ রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, যে, কোনো প্রকার সার, কীটনাশক কিংবা অতিরিক্ত যত্ন ছাড়াই একবার রোপণ করলেই কয়েক বছর ধরে চুইঝাল সংগ্রহ করা যায়।
কালীগঞ্জের মদাতি ইউনিয়নের আরও একজন চাষি মনিরুজ্জামান জানান, তিনি এ বছর ৩০টি গাছে চুইঝাল রোপণ করেছেন। বিনা খরচে চাষ করা এই গাছগুলো থেকে আগামী তিন বছরের মধ্যে ২ থেকে আড়াই লাখ টাকা আয় করার সম্ভব বলে আশা করেন।


