বিপ্লব মজুমদার, সাতক্ষীরা :
পৃথিবীর সব অনুভূতির স্বাদ একসাথে নেওয়া সম্ভব নয়। সুন্দরকে আরো সুন্দর করে তোলার আকাঙ্ক্ষা আমাদের চিরকালের স্বভাব। সেই স্বভাবের মাত্রাধিক ব্যবহার সত্যিই কি আমাদের জীবনকে নতুনত্বের ছোঁয়া দিয়েছে? আমি কিংবা আপনি নিজেকে মনে মনে সবচেয়ে যে গ্রহণযোগ্য,যোগ্যতাসম্পন্ন, দামী কিংবা মানী ব্যক্তি হিসেবে দাবি করি! এটার প্রয়োজনটা কি খুব দরকার?
একটু সূক্ষ্মভাবে তাকালে বোঝা যায়,আমার কিংবা আপনার চেয়ে মেথরের দামটাই কিন্তু বেশি। ভাবের দিক থেকে আমরা যতই রাজা রাজা ভাব দেখাই না কেনো, চিন্তার দিক থেকে আমরা সত্যি বড়মাপের ভিখারি। প্রয়োজন,দরকার আর লোভ আপনাকে,আমাকে আজ স্বপ্নবাজ মানুষে পরিণত করেছে। সেটাকে আমরা আজ নাম দিয়েছি -স্বপ্ন কিংবা শখ । কথা এতো ঘুরিয়ে পেচিয়ে বলার দরকার নেই তো!?
আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনটা বেশি কিন্তু বর্তমানে রূপচর্চার প্রয়োজনটা যেনো সবচেয়ে বেশি দরকারি হয়ে উঠেছে। আত্ম সমালোচনার চেয়ে পরের নিন্দা আর পরের সমালোচনা করতে আমাদের বেশি ভালোলাগে। তার মানে এটা ভাববেন না -আপনাকে নিয়ে কেউ নিন্দা করে না বা সমালোচনা করে না।
একটু খোঁজে নিয়ে দেখবেন আপনি দিনশেষে বেশি নিন্দিত ও সমালোচিত। আপনি অন্যকে নিয়ে আড়ালে যেমনটা নিন্দা সমালোচনা করেন,আপনাকে নিয়ে অন্যেরা একই কাজটাই করে । শুধু কি তাই – অন্যের হাঁটার ঢং কেমন, চামড়ার রং কেমন, কথা বলার ধরন কেমন,চোখের কালার কেমন, চুল কেমন,নাক কেমন, গাল কেমন সবকিছুর একটা নিন্দা চাই -ই চাই।
ভাবটা এমন আমিই সেরা। এগুলো বলার আগে একবার আয়নার সমানে উলঙ্গ হয়ে আমাকে দাঁড়ানো দরকার -যে আমি কেমন?
এত মানী,সম্মানী ভাব দেখাবেন না।সাধারণ নিরন্ন মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন।
কারণ ঐ নিরন্ন, বুভুক্ষু মানুষরাই আমার আপনার বেঁচে থাকার রসদ জোগায়, এই পৃথিবী যদি তুলার রসদ যোগান না দিতো তাহলে আমি সভ্য হয়েও আজ উলঙ্গই থাকতাম।
একটা সুন্দর ও পবিত্র মনের পরিচর্যা দরকার। কারণ আমাদের ভাবতে কি অবাক লাগে না?! আমিই পৃথিবীর শ্রেষ্ঠ জীব??!
এজন্যই বিভূতি বাবুর সেই নিশ্চিন্তপুর গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। আর শরৎচন্দ্রের বিলাসীর পায়ে প্রণাম করতে ইচ্ছে করে। সবকিছুর কারণ খুঁজতে যাবেন না।সবমানুষের পিছনে যদি কারণ খুঁজে বেড়ান তাহলে সৎ মানুষ বলে পৃথিবীতে কোনো প্রাণীর দেখা পাবেন না। ঠক বাছতে গ্রাম উজাড়। মানুষকে অযথা নিজের স্বার্থে ব্যবহার করবেন না, অন্যকে নিয়ে হিংসা করবেন না।
আমার মন যদি কুচিন্তা আর কুটিলতায় ভরা থাকে তাহলে আমার ভরাডুবিও নিশ্চিত। আপনি আমি পরিশ্রম দিয়ে,বুদ্ধি দিয়ে সবকাজে সফল হতে পারবো কিন্তু অর্থ দিয়ে, শ্রম দিয়ে,মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে কখনো ভালো মন আর ভালোমানুষ পাবো না।এটা হলো হাজার বছরের চর্চিত এক বিস্ময়কর ফসলের নাম।
যা চাইলেই পাওয়া যায় না, ভাগ্যেরও ব্যাপার।আর এই ব্যাপারটাই পৃথিবীতে শূন্য হতে চলেছে। যার পরিনত পরিণতি হয়তো ভয়ঙ্করই হবে।
সভ্যতা,সত্য ও সততা মানব জীবনের চরম ও পরম পাওয়া। কিন্তু আমরা আদিতেই যে অসভ্য, অসত্য ও অসৎ ছিলাম তার প্রমাণ মেলে আমাদের কথায় কর্মে আর আচরণে। জীবনের শেষ কোথায়? বেঁচে থাকার উদ্দেশ্য কি? কিংবা মৃত্যুর শেষ যাত্রায় আমার আত্মোপলব্ধির সঙ্গা কি? সবই অজানা।
সবকিছুতেই আমাদের জানার আগ্রহ আছে। আমাদের আগ্রহ আছে জ্ঞানে, মানে, ধনে আর অভিমানে। মাঝে মধ্যে দার্শনিকতার ভুবনজয়ী বিশ্লেষণে আমি শ্রেষ্ঠ। আবার নিন্দা আর পরশ্রীকাতরতায় সেই আমিই সম্রাট। আমার যৌবনের উদ্দাম জোয়ারের অপকর্মের বিচার করি সাইন্সের সাবলীল বিশ্লেষণে। এভাবে আমি নামক প্রাণীটি টিকে থাকা যায় বটে কিন্তু মানুষ নামক প্রাণীটির বেঁচে থাকা অর্থহীন বটে!
লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো রমনীর চেয়ে কোনো রাগী রমনীর রক্তিম ঠোঁটের আভার সৌন্দর্যটা সবচেয়ে বেশি সুন্দর। আমাদের জীবনের জীবনচর্চাও ঠিক ঐ রকম লিপস্টিকের রঙের মতো রঙিন হয়ে গেছে। কারণ চাইলেই আপনি ভিতর থেকে সৌন্দর্যের চর্চা করতে পারবেন না।সমাজ আপনাকে সেই সুযোগ দেবেই না।
সত্যিকারের গাছের ফোটা ফুল অপেক্ষা কৃত্রিম ফুলের চাহিদা ও মূল্য এখন তুঙ্গে। কারণ কৃত্রিম ফুল দেখতে ভালো আর পরিচর্যা করতে হয় না।
আপনি আমিও তাই ঠিক ঐরকম আর্টিফিশিয়াল।আমরা হলাম ভাবের বাহক, মানের বাহক। আপনার স্বপ্নের পৃথিবীতে আপনি নিজেই একটা দুঃস্বপ্ন।তবে সেই দুঃস্বপ্নের কারিগরও আপনি। কারণ সব তো আমরা আমরাই। আমি মানুষ এই কথাটার ভিতরে হয়তো উচ্চারণের দৃঢ়তা আছে কুিন্তু কোনো আভিজাত্য নেই। সবকিছুর পিছনে কারণ খুঁজতে হবে,অজুহাত দিতে হবে কেনো! দিনশেষে আমরা কুচিন্তা, কুবুদ্ধি আর কুসংস্কারের মধ্য দিয়েই সভ্যতার বেলুন ফুলিয়ে,ফেস্টুন ঝুলিয়ে বর্ণময় সভ্যতার ঝুমঝুমি বাজিয়ে যাচ্ছি। যেখানে আমি ঝুমঝুমিওয়ালা নিজেই বর্ণহীন।
যৌনতার দুর্গন্ধময় আসক্তিতে আমাদের যেনো অনাবিল শান্তি, বড়বড় টাকার নোটের তাড়িতে আমাদের যে আকর্ষণ,সকাল সন্ধ্যা পরনিন্দা আর পরচর্চার দুর্দান্ত আলোচনা সমালোচনায় আমাদের বিশ্লেষণে সত্যি ই- আমরা যোগ্য পৃথিবীর অযোগ্য প্রাণীই বটে। নিজেকে শুধরানোর আগে বোধ হয় পুরো পৃথিবীকে শুধরানো দরকার !! এই ভাবনায় আমিই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী।
হে পৃথিবী তোমার আভিজাত্যের উলঙ্গ সৌন্দর্য থেকে মুক্তির প্রত্যাশা আমার চিরকালের আকাঙ্ক্ষা।
আপনি যাহা, আপনি তাহা নন।এটাই সর্বশেষ মন্তব্য।….
বিপ্লব মজুমদার
লেখক ও কলামিস্ট
সাতক্ষীরা
তারিখ :৩০/১১/২০২৫



