এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশ নেয়, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত একটি প্যানেলের অংশগ্রহণ নির্বাচনকে বাড়তি গুরুত্ব ও আলোচনা এনে দেয়। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত একটি প্যানেল সর্বাধিক ৭টি পদে জয় লাভ করে নির্বাচনে উল্লেখযোগ্য উপস্থিতি জানান দেয়, যা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব বহন করে।
আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোছাইন হেলালী পেয়েছেন ২৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আখতারউদ্দিন হেলালী ৩৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ পদে নুরুল হুদা পেয়েছেন ২৯২ ভোট এবং ছলিমুল মোস্তফা পেয়েছেন ২৩১ ভোট। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক- উভয় গুরুত্বপূর্ণ পদেই নতুন নেতৃত্বের স্পষ্ট জনসমর্থন প্রতিফলিত হয়েছে।
সিনিয়র সহসভাপতি পদে আব্দুল বারি ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী আবু তাহের পেয়েছেন ৩৩০ ভোট। সহসভাপতি পদে আব্দুল্লাহ ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে আব্দুর রহমান পেয়েছেন ৩৩৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউদ্দিন তমাল ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন; নুরু রশিদ পেয়েছেন ২৬৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মহিউদ্দিন ৩৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন; মনজুর আলম পেয়েছেন ২৮২ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সি ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; প্রতিদ্বন্দ্বী ইফতেখার পেয়েছেন ২৪৫ ভোট। পাঠাগার সম্পাদক পদে শওকত ওসমান ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন, জসিম উদ্দিন পান ৩০৩ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী রবিউল বাপ্পা পেয়েছেন ২৭৩ ভোট।
সিনিয়র নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবালুর রশিদ সোহেল (৪৯৬ ভোট), নেজামুল হক (৪৭১ ভোট), জিয়া উদ্দিন (৪২৬ ভোট) ও শাহজালাল চৌধুরী (৪১৯ ভোট)।
জুনিয়র নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সেকাব উদ্দিন (৩৯৮ ভোট), পারভিন সোলতানা পিয়া (৩৮৮ ভোট), আজিজুল করিম জয় (৩৬৩ ভোট) এবং জসিম উদ্দিন (৩৩৪ ভোট)।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পেশার মর্যাদা রক্ষা, সদস্যদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং আইনসেবার মানোন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।



