অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নাফকে সাময়িক বরখাস্তের আদেশ জারির দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তর না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি প্রজ্ঞাপনে তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সীমানার ভেতর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছয়টি গাছ কাটার অভিযোগ আনা হয় এবং আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয় হলো, সরকারি আদেশ জারির পরও তিনি এখনও দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করেছেন কি না, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন ও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
সাময়িক বরখাস্তের সরকারি আদেশ যথাযথভাবে কার্যকর করে চেয়ারম্যান আব্দুল মত্ফের দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে হবে।
ইউনিয়ন পরিষদের যাবতীয় নথিপত্র, সরকারি সম্পদ, আর্থিক হিসাব ও দাপ্তরিক দায়িত্ব বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করতে হবে।
দায়িত্ব হস্তান্তরে কোনো ধরনের গড়িমসি, বাধা বা সরকারি আদেশ অমান্য করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ইউনিয়ন পরিষদের ছয়টি গাছ কর্তনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে গাছগুলোর মূল্য, বর্তমান অবস্থান এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়—সরকারি আদেশের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করে আদমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।



