পারভেজ হাসান, বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ত্রিমুখী সংঘর্ষে আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুরে গাজীপুরের টঙ্গিতে তার বাড়িতে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ।
গত ১৩ অক্টোবর ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় নিলয়ের চোখে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে এই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছে এবং দ্রুত সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাক্ষাৎকালে রেজিস্ট্রার নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানের আশ্বাস দেন। তিনি জানান, নিলয়ের চোখের অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। বর্তমানে সে চোখ মেলতে ও দেখতে সক্ষম হলেও চোখে সেলাই থাকার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী নিলয়ের দ্রুত আরোগ্য কামনায় তার পাশে রয়েছেন। পাশাপাশি তার অসুস্থতার কারণে শিক্ষাজীবনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য উপাচার্য মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
নিলয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি তার সুচিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের মতোই সহযোগিতা করে যাচ্ছে। এর আগেও গত ১৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাকে দেখতে টঙ্গিতে যান এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।


