এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে মাছবোঝাই একটি মিনি ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) এবং শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুহাম্মদ বাহাদুর (২৮)। তাঁরা উভয়েই চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী অভিমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম গামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অটো রিকশাটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বীর মুহাম্মদ বাহাদুর প্রাণ হারান।
দুর্ঘটনায় নোমান মোহাম্মদ ইলাহিসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই নোমানের মৃত্যু হয়। আশঙ্কা জনক অবস্থায় বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মাছ বোঝাই একটি মিনি ট্রাকের সাথে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথে দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে মহেশখালী ও বাঁশখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা গভীর শোক ও ঘাতক ট্রাকচালকের শাস্তির দাবি জানাচ্ছেন।


