চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ওসির হাতে তুলে দিয়ে দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা বলেছেন, ‘আপনারে গিফট দিছি, রাখেন।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাদামতল এলাকা থেকে নুরুল ইসলাম রুবেল (২৭) নামে ওই ছাত্রলীগ নেতাকে ওসির হাতে তুলে দেওয়া হয়। রুবেল পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ার বাসিন্দা নূর নবীর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে নাশকতার পরিকল্পনা ও দুটি মাদক মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা মাশরাফ বলেন, আজকের লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি নাশকতার পরিকল্পনা ছিল। আমরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।



