এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার//
কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সাংবাদিক তানভীর শাহরিয়ারকে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলায় আট দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অগ্নিসংযোগ, নাশকতা, মারামারি ও হত্যা চেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে মামলার বাদী মেহেদী হাসান মোরশেদ দাবি করেছেন, তার ওপর হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার সময় ৩-৪ জন ব্যক্তি ছিলেন, অথচ মামলায় অর্ধশতাধিকের বেশি আসামি করা হয়েছে, যা মামলাটির মিথ্যা ও সাজানো হওয়ার ইঙ্গিত দেয়।
তানভীর শাহরিয়ার ‘উখিয়া নিউজ টুডে’ নামক স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি উখিয়া-টেকনাফ অঞ্চলে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে আসছেন। তার সাহসী প্রতিবেদন বহু সময় অসাধু চক্রের বিরাগভাজন করে তোলে, যার ফলে তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা আসে।
তানভীরের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর উখিয়াসহ সারা দেশে সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ৩০ সেপ্টেম্বর উখিয়া উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা তার নিঃশর্ত মুক্তি ও মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
গতকাল, ৭ অক্টোবর, আদালতের দীর্ঘ শুনানির পর ৮ দিন কারাবন্দীর পর জামিন মঞ্জুর করা হয় এবং আজ, ৮ অক্টোবর, তিনি মুক্তি পান। সাংবাদিক সমাজে তার মুক্তি একটি বড় জয় হিসেবে গণ্য করা হচ্ছে।
মুক্তি উপলক্ষে তানভীরের পরিবারের আনন্দে বুক ভরে হয়েছে আত্মীয়-স্বজন তাকে এক নজরে দেখতে আগ্রহী হয়ে উঠেছেন।
তানভীর শাহরিয়ারের মুক্তি শুধু তার নিজস্ব নয়, এটি সাংবাদিক স্বাধীনতার প্রতি এক গুরুত্বপূর্ণ জয় হিসেবে গণ্য করা হচ্ছে।



