মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনা জেলা কারাগারে বন্দিদের জন্য তিন দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এ উদ্যোগে কারাগারজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বন্দিদের পাশাপাশি তাদের স্বজনদের মাঝেও দেখা গেছে আনন্দ ও স্বস্তির ছাপ।
শুক্রবার সকাল ১০টার দিকে কারাগারে আগত দর্শনার্থীদের ফুলেল শুভেচ্ছা ও নাস্তার মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ প্রতিপাদ্য সামনে রেখে কারা মহাপরিদর্শকের বাণী পাঠ করে শোনানো হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালে সেমাই, মুড়ি ও চা, দুপুরে সাদা পোলাও, গরু ও খাসির কোরবানির মাংস, মুরগির রোস্ট এবং রাতে ভাত, সবজি ও ডাল পরিবেশন করা হয়। এছাড়া খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্দিদের স্বজনদের সঙ্গে নির্বিঘ্ন সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। তাদের ফুল, মিষ্টি, চিপস ও চকলেট বিতরণ করা হয়। তিন দিনের মধ্যে একদিন বাড়ি থেকে আনা খাবার বন্দিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঢিউ ছাড়া পাঁচ মিনিট কথা বলার সুযোগ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
কারাগারে আসা কয়েকজন স্বজন জানান, দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা করতে পেরে তারা আনন্দিত। কারা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও মন্তব্য করেন তারা।
বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, “ঈদুল আযহা উপলক্ষে আমরা তিন দিনব্যাপী বিশেষ আয়োজন করেছি। বন্দিরাও যেন মানবিক পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ। কারাগারকে শুধু শাস্তির স্থান নয়, সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”
কারা সূত্রে জানা গেছে, ঈদের আগে বরগুনা জেলা কারাগারে বন্দির সংখ্যা ছিল ৪৫৭ জন। জামিনে কয়েকজন মুক্তি পাওয়ার পর বর্তমানে সেখানে ২৫৯ জন বন্দি রয়েছেন।
কারা কর্তৃপক্ষের এ আয়োজন বন্দি ও স্বজনদের মধ্যে এক মানবিক সেতুবন্ধন তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এমন উদ্যোগ বন্দিদের মানসিক উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।


