ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ার রবিরবাজারে ড্রেনের ওপর ভবন নির্মাণ, বাড়ছে জলাবদ্ধতার শঙ্কা

    admin
    October 23, 2026 5:26 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা:

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে সড়কের পাশের ড্রেনের জায়গা দখল করে ভবন ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অন্যদিকে, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ ও ড্রেন দখলের কারণে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিনে রবিরবাজারের টিলাগাঁও সড়কসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশের ড্রেনের ওপর কোথাও ভবন ও দোকানপাট নির্মাণ করা হয়েছে, আবার কোথাও ড্রেনের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে একদিকে যেমন পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র রবিরবাজার। প্রতিদিন এ বাজারে ক্রেতা-বিক্রেতাসহ হাজারো মানুষের সমাগম ঘটে। বাজারের মধ্যখানে রয়েছে ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদ। বাজারসংলগ্ন এলাকায় রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। পৃথিমপাশা গ্রামের অভ্যন্তরে অবস্থিত এ এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। রবিরবাজারের পশ্চিম দিকে টিলাগাঁও সড়কের দুই পাশের ড্রেন দিয়ে এলাকার বৃষ্টির পানি তামা গাংয়ের চড়ায় গিয়ে পড়ে। এ ড্রেনেজ ব্যবস্থাই এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু ড্রেনের জায়গা দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন স্থানে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই আশপাশের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি প্রবেশের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

    এলাকা ও বাজারবাসীর অভিযোগ, অতীতে জলাবদ্ধতা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার বাজার পরিদর্শন করে ড্রেন বন্ধ না করা এবং পানি নিষ্কাশনের পথ সচল রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এরপরও কিছু ব্যক্তি নিজেদের ইচ্ছামতো ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করছেন। এতে রবিরবাজারের পরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
    এদিকে বাজারের দুই পাশের ড্রেনের ওপর দোকান বসানো এবং দোকানের মালামাল ড্রেনের ওপর রাখার কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও বিভিন্ন স্থানে স্ট্যান্ড স্থাপনের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা,বিক্রেতা ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    রবিরবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুল হাই সেলু বলেন, বাজারে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় আমরা অনেক কষ্টে আছি। অনেকে ড্রেন বন্ধ করে রাখেন, আবার ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করেন। এতে পানি সহজে নিষ্কাশন হতে পারে না। যারা ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করেছেন, তাদের প্রতি আমাদের আহ্বান ড্রেনের জায়গা রেখে এবং পানি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে ভবন নির্মাণ করুন।

    পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, বাজারের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং সড়কের দুই পাশে ভবন নির্মাণের ক্ষেত্রে ড্রেনের জায়গা রেখে কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। ভবন নির্মাণের আগে ইউনিয়ন পরিষদের সঙ্গে পরামর্শ করার কথাও বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেন দিয়ে খনন করে ড্রেনের ব্যবস্থা করা হলেও কিছু মানুষ সেখানে স্থাপনা নির্মাণ করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, রবিরবাজারের ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং ড্রেনের ওপর ভবন নির্মাণের বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব.

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST