এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা–এর সমর্থনে সকাল থেকেই বর্ণিল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকেই কুষ্টিয়া শহর থেকে বাইপাস সড়ক ও খুলনা সড়কজুড়ে হাজারো মোটরসাইকেল আরোহীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রাটি সকাল ১০টা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে থাকে। সারিবদ্ধ মোটরসাইকেল, ব্যানার, প্ল্যাকার্ড, দলীয় প্রতীক এবং প্রচারণামূলক শ্লোগানে পুরো এলাকাজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। পথজুড়ে বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারাও দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন।
আয়োজকদের বরাতে জানা গেছে, শোভাযাত্রায় প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করে, যা কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে ঝাউদিয়ার উদ্দেশ্যে অগ্রসর হয়।
মাঝপথে ঝাউদিয়া ফুটবল মাঠে আসরের নামাজের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মুফতি আমির হামজা। তিনি বলেন,
“জনগণের অকুণ্ঠ সমর্থনই প্রমাণ করে কুষ্টিয়া উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পরিবর্তনের জন্য প্রস্তুত। দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা আমাকে আরও উজ্জীবিত করেছে।”
সকলের কাছে দোয়া প্রার্থনা করে শেষ করেন
মুফতি আমির হামজা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মোটরসাইকেল শোভাযাত্রা পুরো নগরজুড়ে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।



