এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া, ৫ অক্টোবর ২০২৫,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি।
রবিবার সকালে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার আয়োজনে “কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়)” প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন ইউনিটের কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে তারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা, নিরপেক্ষ দায়িত্ব পালন, মাঠপর্যায়ের সমন্বয় ও সংকট মোকাবিলার কৌশল সম্পর্কে ব্যবহারিক ধারণা অর্জন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,
নির্বাচন একটি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। এজন্য প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার মনোভাবে কাজ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা মাঠপর্যায়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় পুলিশ বাহিনীর ভূমিকা জনগণের আস্থা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণেই রয়েছে দায়িত্বশীলতার বীজ, তাই এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নির্বাচনকালীন দায়িত্বে পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


