এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ ২৪ সেপ্টেম্বর বুধবার,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বুধবার তিনি শহর ও জেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পূজা চলাকালে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য জেলা পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন।



