এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জামিল মালিথা (৪০)কে গ্রেপ্তার করেছে বিজিবি।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। জামিল মালিথা ওই ইউনিয়নের সিরাজনগর মালিথাপাড়া গ্রামের মৃত জালাল মালিথার বড় ছেলে।
বিজিবির সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামিল ভারত সীমান্ত ঘেঁষা পদ্মা নদী তীরবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। ভারত থেকে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রির মাধ্যমে তিনি একটি বড় সিন্ডিকেট পরিচালনা করতেন।
অভিযানের সময় জামিলের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, জামিল ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ পদ্মা নদী সংলগ্ন চরাঞ্চলে মাদক ও অস্ত্র ব্যবসার প্রধান নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন।
মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং জামিল মালিথাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ জানান,জামিল দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। বিজিবির সফল অভিযানে তাকে ধরা সম্ভব হয়েছে। চরাঞ্চলের অস্ত্র, মাদক ও ডাকাতি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।


