আবু রায়হান, মণিরামপুর(যশোর):
মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে রিদম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিদম যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে। সে কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির রান্নাঘরের ছানসেটের ওপর খেলাধুলা করছিল রিদম। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। নিচে থাকা ইটের ওপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



