মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়কসহ আহবায়ক কমিটির একাধিক নেতা।
সোমবার (২৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮ টায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আশরাফুল আলম ও সদস্য সচিব শাহ মোসলেহ উদ্দিন বিজন গঠনতন্ত্রবিরোধীভাবে ভুয়া ইউনিয়ন ও উপজেলা কমিটি ঘোষণা করেছেন। ২০২৩ সালের ১৫ মে অনুমোদন পাওয়া আহবায়ক কমিটি আজ পর্যন্ত কোনো পরিচিতি সভা বা নিয়মিত বৈঠক ডাকেনি—যার ফলে নেতাকর্মীরা সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কদের অজ্ঞাতেই গোপনে কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়। বক্তাদের দাবি—অনেক জায়গায় সম্মেলন ছাড়াই কমিটি দেয়া হয়েছে, আবার বেশিরভাগ ইউনিয়নে কোনো কার্যক্রমই পরিচালিত হয়নি।
নেতারা জানান, হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান পলাশবাড়ী উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। অথচ এ বিষয়ে কমিটির সিনিয়র নেতাদের মতামত নেয়া হয়নি। ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম মিয়ার ফেসবুক পোস্ট থেকেই বিষয়টি প্রথম জানতে পারেন তারা। বক্তাদের অভিযোগ—এভাবে গঠিত কমিটি গঠনতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য।
সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও সক্ষম নেতাকর্মীদের নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। তারা বলেন, প্রকৃত নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই জেলা কৃষকদল ও কেন্দ্রীয় কৃষকদলকে দ্রুত সম্মেলনের ব্যবস্থা করে সাংগঠনিক বিশৃঙ্খলা দূর করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলকে শক্তিশালী ও গতিশীল করতে হলে তৃণমূলের মতামতকে সম্মান দিয়ে স্বচ্ছ পদ্ধতিতে কমিটি গঠন জরুরী



