বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়াই শতাধিক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া সুন্দরী সিনেমা হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান, সোহানসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছে দুই লাখ টাকা এবং গুড় ব্যবসায়ী আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
গুড় ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ করেন, বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে কালাইয়া এলাকার ল্যাংড়া মুন্সির সেতু এলাকায় ইয়াছিন ও সোহান তার পথরোধ করেন। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়াছিন হাওলাদার। তিনি বলেন, চাঁদা দাবি, মারধর কিংবা টাকা ছিনিয়ে নেওয়ার সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি ‘জামায়াত-শিবিরের ষড়যন্ত্র’ বলে দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২০ আগস্ট বৃহস্পতিবার
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580


