ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক ধানের শীষ প্রতীক পেয়ে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রথম গণসংযোগে অংশ নেন।
ফুলবাড়িয়ার দেওখোলা বাজারে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ আগে থেকেই বাজারে অপেক্ষা করছিলেন। নিজ ইউনিয়ন আছিম থেকে শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে আখতারুল আলম ফারুক দেওখোলা বাজারে পৌঁছালে অপেক্ষমাণ নেতাকর্মীরা ধানের শীষ হাতে উল্লাসে তাকে অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ।
পরে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এক বিশাল মিছিল দেওখোলা বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণসংযোগে আখতারুল আলম ফারুক বলেন, ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি বাংলাদেশের মানুষের মুক্তি, অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে ঐক্যবদ্ধ। বিভাজন নয়, ঐক্যই বিএনপির শক্তি। ফুলবাড়িয়ার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ও শাহিনুল মল্লিক জীবন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা ও আহ্বায়ক প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


