মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নীলফামারীতে দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নীলফামারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মুবাশ্বিরা আমাতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।



