মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদীতে ভয়াবহ নৌদুর্ঘটনায় ৪ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচহাট এলাকায় যাত্রীবাহী একটি স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলো স্পিডবোটটি। এ সময় যাত্রীবাহী স্পিডবোটটি মাছ ধরার নৌকাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নৌকাটিতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ শিশু পানিতে তলিয়ে যায়।
নিখোঁজ শিশুরা হলেন—গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা: লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
এ ঘটনায় আহত হয়েছেন—রোজিনা আক্তার (৩০), মো: ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী বহনের জন্য ভাড়ায় আনা হয়েছিল স্পিডবোটটি। তবে বরযাত্রী ওঠার আগেই পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন বোটে ঘুরতে বের হলে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার এস আই মঞ্জুরুল হক বলেন, “আমি ঘটনাস্থলে রয়েছি। স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।”


