মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রাম থেকে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে। এসময় জুয়ার সরঞ্জামাদিসহ ৮ জনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবালের নেতৃত্বে একটি টিম মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায়। সেখানেই জুয়া খেলায় লিপ্ত অবস্থায় আটজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—খায়রুল ইসলাম (৩৩), কাছম আলী (৫৫), রাহাত ইসলাম (১৮), বুলবুল মিয়া (৫০), মোঃ হেলিম মিয়া (৪৫), মোঃ বিল্লাল হোসেন (২৬), ফুল মিয়া (৩৫) ও রবিন হাসান (২৫)।
এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।


