রিয়াজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন চত্বরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন, বৈষম্য আন্দোলনের সভাপতি মামুনুর রশীদ তুষার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিমা প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ জেলা নোয়াখালীকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে। প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন কার্যক্রম বেগবান করতে অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, “নোয়াখালীর সাথে ফেনী, লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠন সময়ের দাবি। নোয়াখালী বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী জেলা। ভাষা শহীদ সালাম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ অসংখ্য গুণীজন এ জেলার সন্তান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মালেক, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহসহ বহু কৃতিমান ব্যক্তিত্ব নোয়াখালীর গর্ব।”
তিনি আরও বলেন, “অপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর গর্ব। দেশের শীর্ষ শিল্পপতিদের মধ্যেও নোয়াখালীর মানুষের অবদান অপরিসীম। তাই সার্বিক বিবেচনায় দ্রুততম সময়ে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘বঞ্চনার অবসান চাই’, ‘উন্নয়নের স্বার্থে বিভাগ চাই’—এইসব স্লোগানে বেগমগঞ্জ চৌরাস্তা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
তাদের দাবি, দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের অপরিহার্য দাবি।



