জেলা প্রতিনিধি
কক্সবাজার
কক্সবাজার শহরের ঝিলংজা হাজী পাড়া নামক একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অবাক করার বিষয় হলো, মাদক বিক্রির এই আস্তানাটি কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এক উপ-পরিদর্শকের (এসআই) মালিকানাধীন বাসা।
আজ সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর হাজীপাড়া এলাকায় অবস্থিত কোর্ট পুলিশের এসআই শহীদুল্লাহ এর বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাসাটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং তাদের সহযোগী সায়মন সরোয়ার (১৬)-কে হাতে নাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা মূলতঃ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সদস্যের বাড়িতে এমন ঘটনার বিষয়ে তিনি বলেন, যে বাড়ি থেকে মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, সেটির মালিক একজন পুলিশ সদস্য। উক্ত মাদক ব্যবসার আড়ালে বাড়ি ওয়ালা বা পুলিশ সদস্যের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে কিনা, তা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। তদন্তে অপরাধের সামান্যতম প্রমাণ মিললেও তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


