বরগুনা প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার।
গ্রেপ্তারকৃতরা হলেন: বামনা উপজেলার বাসিন্দা মো. সাইফুল (২৫) ও মো. হৃদয় (২২)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চালক আজিজুল অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে যাত্রীরা তার গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের কচুরিপানায় ভরা ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পথচারীদের নজরে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ডোবা থেকে আজিজুলের অর্ধ-ডুবন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাইফুল ও হৃদয়কে গ্রেপ্তার করে। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জনগণের বন্ধু প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও তথ্য উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


