মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় দুই আসনেই জনসমাগমে উৎসবের আমেজ ছড়িয়েছে। সোমবার দিনব্যাপী জেলা স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ, পাথরঘাটা কলেজ মাঠ ও পাথরঘাটা হাইস্কুল মাঠে বিভিন্ন প্রার্থীর জনসভা জনসমুদ্রে রূপ নেয়। খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলা।
বরগুনা–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা অলিউল্লাহ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা শেষ প্রচারণায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও নদীভাঙন প্রতিরোধে রূপকল্প তুলে ধরেন। বরগুনা–২ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি এবং জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদের জনসভাও ব্যাপক জনসমাগমে উচ্ছ্বাস ছড়ায়।
নেতারা অভিযোগ করেন, বহু বছর ধরে বরগুনার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পর্যটন খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আগামী নির্বাচনে জনগণ পরিবর্তনের বার্তা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। নির্বাচিত হলে টেকসই বাঁধ নির্মাণ, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষক–জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রার্থীরা।
এই জনসমাগমের মধ্যেই বিকেলে সংবাদ সম্মেলনে বরগুনা জেলা জামায়াতের সাবেক আমির আবু জাফর মো. সালেহ অভিযোগ করেন—বরগুনা–২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা চালিয়েছে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থিত কিছু ব্যক্তি। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা–১ ও বরগুনা–২ আসনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধিকে বেছে নেবে জেলার ভোটাররা—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।



