মোঃ শাহজালাল, বরগুনা।।
বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বরগুনা জেলা কল্যাণ ফোরামের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর আদাবর এলাকার টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে ঢাকার আদাবর থানার অফিসার ইনচার্জ ও বরগুনার কৃতি সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বরগুনার বেতাগীর কৃতি সন্তান মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে জি এম জাফর আহমেদকে সহ-সভাপতি, আজীম রিপনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েলকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া শহিদুল ইসলাম নয়ন, মো. বাবুল, ইব্রাহিম খন্দকার, শাহ আলম হাওলাদার, বাহাদুর গাজী ও মোখলেছুর রহমান মুকুলকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান পান্না। সভাটি সঞ্চালনা করেন মো. জাহিদুল ইসলাম। এতে মোট ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা পর্যায়ক্রমে নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত দেন।
সভায় বরগুনার মানুষের বিভিন্ন সমস্যা, জেলার সম্ভাবনা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ফোরামের কার্যক্রমকে সুশৃঙ্খল ও গতিশীল করতে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ফোরামের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য নিয়মিত কার্যনির্বাহী সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।
ফোরাম সূত্রে জানা গেছে, বরগুনা জেলা কল্যাণ ফোরাম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থকেন্দ্রিক সংগঠন নয়; বরং বরগুনার মানুষের কল্যাণ ও মানবিক সহায়তার উদ্দেশ্যে গড়ে তোলা একটি সামাজিক উদ্যোগ। দেশের বিভিন্ন স্থানে বসবাসরত বরগুনার মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এর অন্যতম লক্ষ্য।
ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসায় সহায়তা, অসচ্ছল পরিবারের বিবাহে সহযোগিতা, মৃত্যুর ক্ষেত্রে দাফন-কাফনসহ প্রয়োজনীয় সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।
এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, ঈদে অসহায় পরিবারের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, বরগুনা জেলার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে একটি কার্যকর মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। দল-মত, পেশা ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে বরগুনার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা।
তারা আরও বলেন, সামর্থ্য সবার সমান না হলেও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সবার মধ্যে থাকা সম্ভব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একজন অসহায় মানুষের চিকিৎসা, একজন শিক্ষার্থীর পড়াশোনা কিংবা একটি দুর্দিনে পড়া পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করাই ফোরামের অন্যতম উদ্দেশ্য।
ফোরামের মূল প্রত্যয়- মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি- বরগুনার মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরগুনার সর্বস্তরের মানুষ, প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জেলার বাসিন্দাদের সহযোগিতা ও অংশগ্রহণে ফোরামটি একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে জেলার মানুষের সুখে-দুঃখে কার্যকর ভূমিকা রাখবে।
মোঃ শাহজালাল
বরগুনা।।


