বরগুনা প্রতিনিধি:
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত নার্স মাবিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের অফিস সহায়ক মহসিনের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও বর্তমান জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাতাহ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই নার্স।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যোগদান করা নার্স মাবিয়া একজন রোগীকে ক্যানুলা পরানোর কাজ করছিলেন। এ সময় অফিস সহায়ক মহসিন তার এক আত্মীয়ের কাজ আগে করে দেওয়ার জন্য নার্সকে বলেন। মাবিয়া চলমান কাজ শেষ করে তার কাজটি করে দেওয়ার কথা জানালে ক্ষিপ্ত হয়ে মহসিন তাকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, মহসিন নার্স মাবিয়াকে ‘তুই আমাকে চিনিস, তোর বাড়ি কোথায়’সহ বিভিন্ন কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে দেখে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন নার্স মাবিয়া।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাতাহ।
তিনি বলেন, ‘মহসিনের বিরুদ্ধে নার্স মাবিয়া একটি অভিযোগ দিয়েছেন। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এর আগেও মহসিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। সেসময় ব্যবস্হা নেওয়া হলে এরকম ঘটনার পুনরায় ঘটতো না বলেন তারা।
অন্যদিকে, স্থানীয় কয়েকজনের অভিযোগ, মহসিন দীর্ঘদিন ধরে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে প্রয়োজন হলে তার ডোপ টেস্ট করানো এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ ও রোগীদের স্বার্থে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
তবে মহসিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


