জেলা প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় বাইশারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাহজালাল সাইফী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা জসিম উদ্দিন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল হামিদ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয়। শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


