বাউফল প্রতিনিধি//
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয়তা সরাসরি গ্রহণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জনগণ সহজেই তাদের কথা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে পারবেন।
তিনি আরও বলেন, এই কল সেন্টার জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
এমপি জানান, একটি দক্ষ টিম সার্বক্ষণিকভাবে (২৪ ঘণ্টা) এই কল সেন্টারের কার্যক্রম পরিচালনা করবে এবং প্রাপ্ত অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জনসাধারণকে সেবা গ্রহণের জন্য দুটি মোবাইল নম্বর—
📞 ০১৭১৩৪৯৯৬৬১
📞 ০১৭১৩৪৯৯৬৬২
—ব্যবহারের আহ্বান জানানো হয়।
তবে তিনি সবাইকে সতর্ক করে বলেন, মিথ্যা বা প্রাঙ্ক কল থেকে বিরত থাকতে হবে, যাতে সেবার কার্যক্রম ব্যাহত না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


