কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ হাসান ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ। এ সময় বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা, লাইসেন্সসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। অভিযান চলাকালে এক কাপড় ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ও প্রয়োজনীয় বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি কাঠের কল (স’মিল) মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ হাসান ইভা বলেন, “বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা বা অনিয়ম করতে না পারে, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হবে।”



