নোমাইনুল ইসলাম
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য নয়; বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবতার চেতনা জাগ্রত করার শক্তি রাখে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকেও নজরুল শিক্ষা ও অনুপ্রেরণা গ্রহণ করেছিলেন, যা তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে।
তাঁরা বলেন, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের সাহসী অবস্থান আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় করা সম্ভব।
বক্তারা নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।


