জেলা প্রতিনিধি বান্দরবান :
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই। তিনি গত মধ্যরাতে কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবরে কক্সবাজারের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে একজন শ্রদ্ধাভাজন সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।
আতাহার ইকবাল দৈনিক গণকণ্ঠ, মানবজমিনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংবাদ সম্পাদনা, তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রস্তুত এবং ব্যতিক্রমধর্মী শিরোনাম নির্মাণে তাঁর দক্ষতা সহকর্মী ও নবীন সাংবাদিকদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিল। কক্সবাজারের সাংবাদিকতা বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
দীর্ঘদিন দৈনিক বাঁকখালী পত্রিকার সঙ্গে যুক্ত থেকে তিনি অসংখ্য সংবাদ সম্পাদনা ও পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সহকর্মীদের প্রতি আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও বিনয়ী আচরণের জন্য তিনি সবার কাছে সম্মানিত ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় বিষয়ে তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি একটি ধর্মীয় গ্রন্থও রচনা করেন, যা তাঁর জ্ঞানচর্চা ও ধর্মপ্রেমের পরিচয় বহন করে।
মরহুম আতাহার ইকবাল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ কক্সবাজার শহরে বসবাস করছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানাজার সময় ও দাফনের স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে বলে জানা গেছে।

