পারভেজ হাসান সায়েম, বেরোবি প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ছাত্রীর পায়ের উপর দিয়ে পিকআপ যাওয়ার ঘটনায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা ইসলাম রাকা।
ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে রংপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রাকা রাস্তার একেবারে পাশে দাঁড়িয়ে ছিলেন। একটি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে এসে তার পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষার্থীরা মহা অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদ গেট, প্রধান ফটকের সামনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে। এখানে কোনো স্পিডব্রেকার বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। এজন্যই বারবার দুর্ঘটনা ঘটছে।
অবরোধের প্রায় দুই ঘণ্টা পর রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
বর্তমানে আহত শিক্ষার্থী ফারজানা ইসলাম রাকা রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


