ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা: ভূমি মন্ত্রণালয়

    admin
    September 5, 2026 12:31 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

    এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

    পরিপত্রে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম।

    এ ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন গুরুত্বপূর্ণ।

    ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
    মন্ত্রণালয় বলছে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এতে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে।

    বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়মিত পদায়ন বা বদলির মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো প্রয়োজন।

    পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে।

    এ কারণে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে।

    এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন।

    পরে ওই তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

    তবে তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যাবে।

    পরিপত্রে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST