এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী এ এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁরা প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রোববার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান পারভেজ। বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ অ্যাডিশনাল কো-অর্ডিনেটর ও এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা হাবিল উদ্দিন, নাহিদ হাসান প্রিন্স, এনামুল হক ও রোকনুজ্জামান।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
আয়োজনে সহযোগিতায় ছিলেন ফেসবুক ভিত্তিক মানবিক সংগঠন আমরাও মানুষ ভূরুঙ্গামারী।
মানববন্ধন শেষে ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা বলেন, মাদকমুক্ত সমাজের পাশাপাশি সবুজ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে


