লালমিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদমা এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর দাবি, ঝন্টু মিয়ার বাড়িতে নিয়মিতভাবে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। তাদের অভিযোগ, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিরা, এমনকি দামী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেও সেখানে আসেন এবং মাদক সেবন করেন।
স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের অভিযোগ, ঝন্টু মিয়া নিজেও অল্প বয়সে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং এলাকার কিশোর ও তরুণদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে এ ব্যবসায় সম্পৃক্ত হতে উৎসাহিত করেন। ফলে টাকার লোভে অনেক তরুণ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলেও দাবি করেন তারা।
এলাকাবাসীর আরও অভিযোগ, সারাদেশে মাদকবিরোধী অভিযান চললেও পূর্ব কাদমা এলাকায় তেমন কোনো কার্যকর অভিযান পরিচালিত হচ্ছে না। এ কারণে এলাকায় মাদকের বিস্তার বাড়ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ঝন্টু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি বলেন, “তোর চেয়ে বড় বড় সাংবাদিক আর পুলিশ আমার কাছে আসে। তোর নিউজে আমার কিছুই হবে না।” এরপর তিনি আরও অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলেন।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলীকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।।।


