বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলের বিকল্প ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গত ১৪ ও ১৫ জুলাই (২০২৬) পৃথক দুটি সফল অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুলাই রাত আনুমানিক ১১:৩৫ মিনিটে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ভোলাহাট থানার ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে (সীমান্ত পিলার ১৯৯/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে, অদ্য ১৫ জুলাই রাত ০১:০০ ঘটিকায় সোনামসজিদ বিওপি’র আরেকটি টহল দল শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠে পৃথক অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার ভেতরে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ আটক করা হয়।
প্রসঙ্গত, যুবসমাজ ধ্বংসকারী এই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ৫৯ বিজিবি। বিগত ৩ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১,৮৮৬ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে এই ব্যাটালিয়ন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক *লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি** বলেন, *”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।”*

