রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাহিদ হাসান।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল করতে যুক্ত হয়েছেন ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একঝাঁক নবীন চিকিৎসক। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে তারা তাদের পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
নবাগত এই চিকিৎসকদের বরণ করে নিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে নবীন চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নবীন চিকিৎসকদের তারুণ্য, মেধা এবং নিষ্ঠার মাধ্যমে রাজারহাটের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এক নতুন গতির সঞ্চার হবে। গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, “মানবিকতা, দক্ষতা ও নিষ্ঠাই হোক আপনাদের মূল চালিকাশক্তি। আপনাদের হাত ধরেই রাজারহাটের স্বাস্থ্যসেবা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”
যোগদানকৃত নবীন চিকিৎসকরাও রাজারহাটের সাধারণ মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।



