নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি
লালমনিরহাট সীমান্তে চোরাচালান মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বুধবার (১৮ মার্চ ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে ঝাউরানী ও মোগলহাট বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানকারীরা সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন পণ্য পাচারের চেষ্টা করছে এমন তথ্য পেয়ে ১৮ মার্চ ভোর ৩টার দিকে হাতিবান্ধা উপজেলার বরদুল এলাকায় এবং ১৭ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার চরফুলিমারী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে টহলদল সন্দেহজনক কিছু ব্যক্তিকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১১০ বোতল, নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ৩৬ বোতল এবং ৪৩ কেজি চিনিসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভিবেল মিনি সাবান ১২টি, মিনি আচার ২৩৪ পাতা, মাদার ক্যান্ডি বোকরা ২ কৌটা, খৈনী জর্দ্দা ৪ প্যাকেট এবং সনপাপড়ি ১৪২ প্যাকেট।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৬৯ হাজার ৩৩২ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



