আখতারুজ্জামান, জলঢাকা নীলফামারি প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় গ্রাম পুলিশের স্ত্রী আফরুজা বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে । নিহত আফরুজা উপজেলার তালুক সৌলমারী শাইলপাড়া গ্রামের গ্রাম পুলিশ মো. লেবু মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। রাতেই ঘর থেকে আফরুজার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের অভিযোগ, আফরুজাকে হত্যা করে পরে ফাঁসির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই স্বামী লেবু মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত কুমার রায় বলেন,“প্রাথমিকভাবে শ্বাসরোধে মৃত্যুর আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”এ ঘটনায় নিহতের ভাই আনিছুর রহমান বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা (নং–১০) দায়ের করেছেন। মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু হয়েছে।ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)আরজু মহম্মদ সাজ্জাদ বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট আসলেই বলা যাবে।


